গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মুরগির খাবার তৈরির কোয়ালিটি ফিড কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। রোববার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, দুপুর ১টার পর গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার কোয়ালিটি ফিড মিলের গুদামে আগুন লাগার খবরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানা যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাবউদ্দিন বলেন, ওই এলাকার কোয়ালিটি ফিড নামে মুরগির খাবার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে।























