পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের বদলির আদেশ হয়েছে। সোমবার (৬ নভেম্বর) ঢাকার পুলিশ হেডকোয়ার্টাসের অ্যাডিশনাল আইজি কামরুল আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার বদলির আদেশ হয়। ওই ওসির বিরুদ্ধে এজাহার থেকে প্রভাবশালীর নাম বাদের জন্য চাপ দেওয়াসহ নানা অনিয়মে অভিযোগ ছিল।
এর আগে ১১ অক্টোবর ‘বেড়ায় প্রভাবশালীর নাম থাকায় মামলা নেননি ওসি’ শিরোনামে গণমাধ্যমে খবর প্রকাশ পায়। পরে ১৩ অক্টোবর ‘মামলা নিলো আমিনপুর থানার ওসি, তবু বিচার নিয়ে শঙ্কা’ শিরোনামে আরো একটি খবর প্রকাশ হয়। এরপর থেকেই এলাকায় ও পুলিশ প্রশাসনের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।
এজাহার থেকে প্রভাবশালীদের নাম বাদ দিতে রাজি না হওয়ায় বাদীকে থানায় ডেকে আগেই তৈরি করা একটি এজাহারে জোর করে বাদীর স্বাক্ষর নিয়েছিলেন ওসি আনিসুর রহমান। এ ঘটনায় প্রতিকার চেয়ে পাবনার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুস সালাম শেখ।
সালাম শেখ বলেন, ‘ খবর প্রকাশ হওয়ার পর ওসি মামলা নিলেও কোনো আসামি ধরেননি। এখন তার বদলির কথা শুনে আমরা খুশি হয়েছি। আশা করছি, নতুন ওসি আমাদের আমিনপুরের আইনশৃঙ্খলা উন্নতি করবেন।’
এব্যাপারে জানতে চাইলে পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, ‘পেশাগত ধারাবাহিক প্রক্রিয়া হিসেবেই ওসি আনিসুর রহমানের বদলি হয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’























