চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। রবিবার (১২ নভেম্বর) উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পৃথক পৃথক অভিযানে আনুমানিক ১লক্ষ তিন হাজার পাচঁশত ঘনফুট বালু জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল সাংবাদিকদের জানান, উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। ওই সময় পুটিবিলা ইউনিয়নের এমচরহাট বাজারের পার্শ্ববর্তী এলাকায় ৩৩ হাজার ৫শত ঘনফুট এবং চুনতি ইউনিয়নের পানত্রিশা উত্তর পাড়া এলাকায় ৭০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালুস্তুপে লাল পতাকা টাঙ্গানো হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে চুনতি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিছ সহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





















