রেলপথমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেছেন, বিএনপি গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে রেলকে একেবারে স্থবির করে দিয়েছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে টেনে তুলে রেলমন্ত্রণালয়কে পুনরুজ্জীবিত করেছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সোয়া ১১ টায় পাবনার ঈশ্বরদীর লোকোমোটিভ ডিজেল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রেলওয়ে মন্ত্রী আরও বলেন, রেলওয়েতে আমাদের শ্রমিক সংকট রয়েছে। কারণ আমাদের দক্ষ জনশক্তি নাই। এখন আমরা আমরা চেষ্টা করছি, দ্রুত লোক নিয়োগ করে ট্রেনিং এর মাধ্যমে রেলকে আধুনিকায়ন করা এবং একে পুর্ণাঙ্গভাবে চালু করার চেষ্টা করছি।
মন্ত্রী বলেন, রেলওয়ের লোকোমোটিভ কারখানাগুলোকে আমরা বিভিন্ন সমিক্ষার মাধ্যমে কর্মক্ষম বাড়ানোর চেষ্টা করছি। আধুনিকায়ন চলছে, সম্প্রসারণ চলছে। জনগনের কাছে সবচেয়ে সস্তায় পরিবহণের সুযোগ পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন। আমরা তার নির্দেশ মোতাবেক রেলপথ মন্ত্রণালয়কে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে রেলখাতে উন্নয়নের চেষ্টা করছি।
এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির, পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ গালিব, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ ও পাবনার অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম।
এর আগে মন্ত্রী শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সড়কপথে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ের ভিআইপি রেস্টহাউসে পৌঁছে রাত্রী যাপন করেন। পরদিন সকাল পৌনে ১১ টায় ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা পরিদর্শনে আসেন। পরে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কক্ষে এক মতবিনিময়ে অংশ নেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















