সিরাজগঞ্জের শাহজাদপুরে ফুটপাতের দোকান গুলোতে গরম কাপড় ক্রয়ে উপচে পড়া ভীড়।শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে রাস্তার পাশে অস্থায়ী নতুন পুরাতন কাপড়ের দোকানে সারাদিন ভিড় লেগেই আছে। কমদামে ভালো মানের গরম কাপড় মেলায় এসমস্ত দোকানে ক্রয়-বিক্রয় বেড়েছে।
সাতবাড়িয়া বাজারের হত দরিদ্র বয়স্ক ক্রেতা জানান, ক্ষুধার কষ্টের চেয়ে শীতের কষ্ট অনেক বেশি।দিনেতো কনকনে বাতাস ও ঠাণ্ডা আছেই।রাতের ঠান্ডাটা আরও বেশি হয়। তাইতো শীতের অল্প দামে গরম কাপড় কিনতে ফুটপাথের অস্থায়ী দোকানে এসেছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার ঐতিহ্যবাহী তালগাছি হাটে জমে উঠেছে পুরানো কাপড়ের দোকান গুলো।এসব দোকান গুলো খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে । তবে দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভীড় লেগে থাকে। অল্প টাকায় জ্যাকেট, সুয়েটার, জাম্পার, কম্বল,ছোট বাচাদের পায়জামা,টুপি,হাত মুজাসহ যাবতীয় পণ্য পাওয়া যায়।পুরানো কাপড়ের দোকানদার কেউবা বলছে কে নিবেন আসেন। আবার কেউবা বলছে বাইচ্ছা লন, যেটা নিবেন ২০ টাকা ৩০ টাকা। নিম্ন ও মধ্যবিত্তরা দোকান গুলোতে হুমড়ি খেয়ে পড়ছে।পুরানো কাপড়ের দোকানে পুরুষ ক্রেতার চেয়ে মহিলা ক্রেতার সংখ্যা বেশি। মহিলা ক্রেতারা সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত স্বল্পমূল্যে এসব পোশাক ক্রয় করছেন।
পুরাতন কাপড়ের ক্রেতা আতিকুর রহমান বলেন, এসব দোকানে দুইশো থেকে আরাইশো টাকার মধ্যে মোটা ভালো সোয়েটার পাওয়া যায়। কমদামে ভালো মানের শীতের কাপড় কেনা যায়। অল্প টাকা দিয়ে আমরা শীতের পোশাক কিনে শীত নিবারণ করতে পারি।
ফুটপাতে পুরাতন জ্যাকেট কিনতে আসা জাহের আলি বলে,কাক ঢাকা ভোরবেলায় রিকশা নিয়ে যখন বের হই তখন শীতে একেবারে কাহিল হয়ে যাই। ভাবছিলাম একশো টাকা থেকে দেরশো টাকার মধ্যে একটা জ্যাকেট কিনবো।হাট ঘুরে দেখি জ্যাকেটের দাম বেশি। তাইতো শীত নিবারণের জন্য তিনশো টাকা দিয়ে একটা জ্যাকেট কিনলাম।
তালগাছি হাটের গরম কাপড় বিক্রেতা আব্দুর রহমান বলেন,শীতের তীব্রতা বাড়ায় বেচাকেনা একটু বেশি, তবে চলতি বছর অন্যান্য বছরের তুলনায় দাম একটু বেশি। গত বারের চেয়ে এবছর কেনাবেচা বেশি হচ্ছে।
ফুটপাতে শীতের গরম কাপড় ব্যবসায়ী লিটন ও সোহেল রানা বলেন, ‘শীত এলেই গরম কাপড়ের জ্যাকেট, সোয়েটার,ফুলহাতা গেঞ্জি ব্যবসা করি। এখানে কম দামে বিভিন্ন সাইজের পোশাক পাওয়া যায়।এসব দোকানে পুরাতন কাপড় এবং দাম কম হওয়ায় মধ্যবিত্ত-নিম্নবিত্তদের ক্রয়সীমায় মোটামুটি সবরকম পোশাকেই ফুটপাতে পাওয়া যাচ্ছে।শপিংমলগুলোতে কেনাকাটার চেয়ে ফুটপাতে কেনাকাটা ভালো এবং সাশ্রয়ী।
ডিএস../






















