টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ফোর লেনের দাউদকান্দি এলাকায় কমপক্ষে ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। দাউদকান্দি সেতুর গর্তে ইট, পাথর, বালু, বিটুমিন দিয়ে সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে পুলিশ বুধবার রাত থেকে শুরু হওয়া যানজট বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত দাউদকান্দি টোল প্লাজা থেকে মাধাইয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ঢাকাগামী এস আলম যাত্রীবাহী বাসের চালক সুমন আহমেদ বলেন, সকাল ৮টায় দাউদকান্দির গৌরীপুরে এসে যানজটে আটকা পড়েছি। সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষ ার পর থেমে থেমে যান চলাচল শুরু হয়েছে। এখনও ঢাকায় পৌঁছাতে পারিনি। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২-৩ দিনের অবিরাম বর্ষণের কারণে দাউদকান্দি গোমতী ব্রিজের বিটুমিন নষ্ট হয়ে ব্রিজের ওপর অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে সেতুর উভয় পাশে রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে দাউদকান্দিতে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় বৃহস্পতিবার ভোর থেকে যানজট আরও তীব্র আকার ধারণ করে। পাশাপাশি টোল আদায় ও ওজন নিয়ন্ত্রণ স্কেলের কারণেও যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে বলে জানিয়েছেন গাড়ি চালকরা।
বিকেলের দিকে যানজট কিছুটা কমে আসলে থেমে থেমে চলছিল গাড়ি। ঢাকাগামী এশিয়া লাইনের যাত্রী আবদুল জলিল ভূইয়া বলেন, ২ ঘণ্টার যাতায়াতের সড়কে ঢাকায় পৌঁছতে সময় লাগছে ৬ ঘণ্টা। দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। কুমিল্লাগামী তিশা পরিবহনের চালক শাহেদ আলম বলেন, যানজটে পড়ে একই স্থানে প্রায় দুই ঘণ্টা আটকে ছিলাম। কখন কুমিল্লায় পৌঁছাব জানি না। থেমে থেমে চলছে গাড়ি। চট্টগ্রামগামী লরির চালক সোহেল মিয়া ও কাভার্ডভ্যানের চালক ইমরান হোসেন বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় এসে যানজটে আটকা পড়েন তারা। ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চার ঘণ্টা সময় লেগেছে তাদের। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কে যানজট স্থায়ী হচ্ছে না। ছুটির দিনকে সামনে রেখে যানবাহনের বাড়তি চাপের সঙ্গে নতুন করে গোমতী সেতুর কয়েকটি স্থানে বিটুমিন ক্ষ তিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, যানজট নিরসনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে দাউদকান্দি সেতুর গর্তে ইট, পাথর, বালু, বিটুমিন দিয়ে সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

























