ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অনুশীলনে তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তরুণ ফুটবলার রবিনহো জুনিয়রের সঙ্গে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে জানায়, রোববার (৩ মে) রেই পেলে ট্রেনিং সেন্টারে অনুশীলনের সময় এই ঘটনা ঘটে। শনিবার পালমেইরাসের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি’আ ম্যাচে যারা খেলেননি, তাদের নিয়ে চলছিল ওই সেশন।
ঘটনার বিবরণে বলা হয়, অনুশীলনের এক পর্যায়ে রবিনহো জুনিয়র নেইমারকে কাটিয়ে এগিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে তরুণ খেলোয়াড়কে ‘ধীরে খেলতে’ বলেন। পরে অভিযোগ ওঠে, নেইমার ইচ্ছাকৃতভাবে তাকে পা লাগিয়ে ফেলে দেন। এ নিয়ে দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি সান্তোস ক্লাব। নেইমারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এ ঘটনার বিষয়ে অবগত নন। তবে অভ্যন্তরীণভাবে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এমনকি রবিনহো জুনিয়রের প্রতিনিধিরা ক্লাব সভাপতির কাছেও অভিযোগ জানিয়েছেন।
তবে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়। গ্লোবো এসপোর্তের প্রতিবেদনে বলা হয়, অনুশীলন কেন্দ্রেই ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়রের কাছে গিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চান নেইমার। তাদের সম্পর্ককে ‘গডফাদার ও গডসনের মতো’ বলে উল্লেখ করা হয়েছে, যা ঘটনার পর দ্রুতই স্বাভাবিক হয়ে যায়।
উল্লেখ্য, রবিনহো জুনিয়র ব্রাজিলের সাবেক তারকা রবিনহোর ছেলে। বাবার মতোই তার খেলার ধরন ড্রিবলিং দক্ষতা, সৃজনশীলতা এবং আক্রমণভাগে বহুমুখী পারফরম্যান্স ইতোমধ্যে নজর কাড়ছে ফুটবল মহলে।
ডিএস./
























