নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিল। নামফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নওগাঁ বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের নামফলক উন্মোচন ও শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী কার্যক্রম শেষে দুপুর সোয়া ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত শিক্ষার্থীদের বরণ এবং এক বর্ণাঢ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। আধুনিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।”
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “নওগাঁবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক ও গৌরবের দিন। এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা নয়, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “মানসম্মত শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ নিশ্চিত করে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।”
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় জেলার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, ঘরের কাছেই উচ্চশিক্ষার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা নওগাঁ তথা সমগ্র উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিএস./



















