বিশ্বকাপের হতাশা ভুলে আবারও মাঠে নামছে ব্রাজিল। আজ বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় রাত ৮টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ বিশ্বকাপ জয়ের দুই দশকের বেশি সময়ের খরার সঙ্গে মহাদেশীয় শ্রেষ্ঠত্বেও ভাটার টান। এমনই এক পরিস্থিতিতে প্রথাগত নিয়ম ভেঙে গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিদেশি কোচকে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে যা বিরলতম ঘটনাতো বটেই। তাও যেন-তেন কেউ নয়, অনেকটা ছোঁ মেরে উড়িয়ে আনা হয়েছিল রিয়াল মাদ্রিদের সাবেক বস ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে। যার হাত ধরে সর্বশেষ বিশ্বকাপে ‘হেক্সা’ স্বপ্নে বুঁদ ছিল দলটির সমর্থকরাও।
শুরুটাও অবশ্য বেশ আশাব্যঞ্জক ছিল। গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ দাপট দেখিয়েছিল সেলেসাওরা। এরপর নকআউট পর্বে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় তারা। তবে সেখানেই থেমে যায় ব্রাজিলের যাত্রা। নরওয়ের কাছে ২-১ গোলের অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের সেই ব্যর্থতার পর আনচেলত্তির ওপরেই আস্থা রেখেছে ব্রাজিল ফুটবল। তার নেতৃত্বে দল পুনর্গঠনে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে সেলেসাওরা। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অস্ট্রেলিয়া দুটি এবং ভারতে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচের ঘোষিত একাদশে গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন হুগো সুজা। রক্ষণভাগ সামলাবেন মাথেউসিনিও, মার্কিনিওস, ভিতর রেইস ও ডগলাস সান্তোস। মিডফিল্ডে খেলবেন দানিলো ও ব্রুনো গিমারেস। আর প্রতিপক্ষের রক্ষণে ঝড় তুলতে সামনের সারিতে থাকবেন এস্তেভাও, রাফিনিয়া, এনদ্রিক এবং ভিনিসিউস জুনিয়র। আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের হয়ে নিজের পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন ও তরুণ প্রতিভাদের সুযোগ করে দেওয়ার বড় মঞ্চ হিসেবে এই ম্যাচটিকে দেখছেন আনচেলত্তি।
বাংলাদেশ থেকে টিভিতে সম্প্রচার হচ্ছে না আজকের ম্যাচটি। তবে সনি লিভ অনলাইন প্লাটফর্মে বাংলাদেশি সমর্থকরা ম্যাচটি উপভোগ করতে পারবেন। ভারত ও পাকিস্তানেও একই প্লাটফর্মে খেলা দেখা যাবে।
ডিএস./























