তার দুই পায়ে ৭ বার অস্ত্রোপচার হয়েছে, লড়াই করে বারবার ফিরে এসেছেন ক্রিকেট মাঠে। ঝড় তুলেছেন ২২ গজে। এখন পর্যন্ত ওয়ানডেতে তিনিই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। তাই ছোটখাট ইনজুরি মাশরাফি বিন মুর্তজার কাছে ব্যাপারই না। কিন্তু এশিয়া কাপে তার চোটে আক্রান্ত হওয়ার একটা গুঞ্জন শোনা গিয়েছিল। এবার তা ভালোভাবেই প্রকাশিত হলো। হ্যাঁ, হাতে এবং পায়ে চোট পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক!
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘মাশরাফি হাতের অনামিকা ও কনিষ্ঠ আঙুলে আঘাত পেয়েছিল। এর মধ্যে কনিষ্ঠা আঙুলের আঘাতটাই বেশি গুরুতর। এটা সারতে ৩ সপ্তাহের মতো সময় লাগে। আমরা আশা করছি সপ্তাহ দুই-একের মধ্যে ও মাঠে ফিরতে পারবে। এছাড়াও ওর ঊরুতে চোট আছে। সেটিও আমরা দেখছি।’
এশিয়া কাপ যেন বাংলাদেশকে উপহার দিয়েছে একের পর এক চোট। দেশের ক্রিকেটের তিন বড় তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের চোটের কথা সবার জানা। এবার জানা গেল সেরা নেতা ম্যাশের চোটের কথা। দুঃসংবাদের এখানেই শেষ নয়! পাঁচ সিনিয়রের অন্যতম মাহমুদুল্লাহ রিয়াদও পাঁজরের ব্যথায় ভূগছেন! ব্যথার কারণ উদঘাটনে বৃহস্পতিবার বিসিবিতে আসবেন বাংলাদেশ দলের অন্যতম এই ব্যাটিং স্তম্ভ।
মাশরাফি অবশ্য ভিন্ন ধাতুতে গড়া। পাকিস্তান ও ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচ তিনি খেলেছেন চোট নিয়েই। আঙুলে ব্যান্ডেজও দেখা গেছে। দেবাশীষ চৌধুরী জানালেন, ম্যাশের উরুতে বলের আঘাত লেগে রক্ত জমাট বেধে গেছে।
তার ভাষায়, ওর পায়ে বলের সরাসরি আঘাত লেগেছিল। এতে ঊরুতে রক্ত জমে যায়। স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে যে এটা রক্ত জমাট বেঁধে তৈরি হয়েছে। তবু এটা আমরা সুনিশ্চিত হতে কাল আরও একটা স্ক্যান করব। তখন নিশ্চিত হওয়া যাবে যে, এটা জমাট বাধা রক্ত নাকি অন্য কিছু। যদি জমাট বাধা রক্ত না হয় তবে সাধারণত দুই-তিন সপ্তাহের মধ্যে শরীরই এটা শুষে নেয়। সেটা না হলে অপারেশন করতে হবে। যদিও এসব ক্ষেত্রে অপারেশনের খুব একটা প্রয়োজন হয় না।’
বিবি/এসআর
























