নতুন করে নারীঘটিত ঝামেলায় জড়িয়ে পড়লেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক কোনো ঘটনা নয়; ৯ বছর আগের ক্যাথরিন মায়োরগা নামে এক নারীকে ধর্ষণের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে এক ভিডিও বার্তায় এই অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছিলেন সিআর সেভেন। এবার টুইটারের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে বললেন, তিনি ধর্ষণের মতো অপরাধের ঘোর বিরোধী।
২০০৯ সালে ক্যাথরিন মায়োরগা এক ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছিলেন। বর্তমানে তিনি একজন স্কুলশিক্ষিকা। এক সাক্ষাত্কারে রোনালদোর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মায়োরগা। জানিয়েছিলেন, পর্তুগিজ তারকা তাকে একটি হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেছিলেন। মায়োরগা সেই সময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু রোনালদোর পক্ষ থেকে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাপ আসে।
তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ লাখ ৭৫ হাজার ডলার ট্রান্সফার করা হয়। প্রবল লড়াইয়ের পরও একটা সময় বিচারের আশা ছেড়ে দিয়েছিলেন মায়োরগা। কিন্তু ৯ বছর পর হঠাৎ করে একটি আইন সংস্থার মাধ্যমে ফের মুখ খুলেছেন ক্যথরিন। এখন তার বয়স ৩৪ বছর। রোনালদোর ৩৩। ক্যাথরিন মায়োরগার অভিযোগ আবার প্রকাশ করেছে জার্মানির একটি ম্যাগাজিন। আর তার পর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
আগে থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো বিভিন্ন মাধ্যমে এই ধর্ষণের ঘটনা অস্বীকার করে আসছিলেন। তার নিজের আইনজীবীর মাধ্যমে বলছিলেন, ‘অভিযোগকারিনী সবার নজরে আসার জন্য এ ধরনের মনগড়া ঘটনার জন্ম দিয়েছে। এটা কোনো ভাবেই সত্য নয়।’
এবার টুইটারে রোনালদো সরাসরি ধর্ষণের ঘটনা অস্বীকার করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমি দৃঢ়ভাবে আমার প্রতি ওঠা অভিযোগ অস্বীকার করছি। ধর্ষণ খুবই জঘন্য একটি অপরাধ। আমি নিজেও এ ধরনের অপরাদের ঘোর বিরোধী। আমি নিজে চাই এই অভিযোগ থেকে মুক্তি পেতে। এমনকি আমার নামে মিডিয়ায় যে সব অভিযোগ উঠে এসেছে এবং মনগড়া বক্তব্য এসেছে, সেই সব কিছুর বিরোধিতা করছি আমি। আমাকে বিক্রি করে মিডিয়া নিজেদের আখের গোছাতে চাইছে।’
বিবি/এসআর
























