পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে সম্প্রতি তোলপাড় হয়েছে ফুটবল অঙ্গনে। ৯ বছর আগের সেই ধর্ষণের ঘটনার নতুন করে তদন্ত শুরু করেছে লাস ভেগাস পুলিশ। নারীবাদীরা এই ধর্ষণের প্রতিবাদ করছেন। তবে রোনালদো এবং তার ভক্তরা বলছেন, টাকা এবং খ্যাতির জন্যই সেই নারী মিডিয়াকে নিয়ে তার পেছনে লেগেছে। কিন্তু এই তোলপাড়ের মধ্যে বেশ সুখেই আছেন রোনালদো।
অভিযোগ উঠেছে, ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে ক্যাথরিন মায়োরগা নামের এক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন রোনালদো। মায়োরগা তার বিরুদ্ধে জোরপূর্বক ‘অ্যানাল সেক্সের’ অভিযোগ তুলেছেন। এর পরদিন মায়োরগা পুলিশে অভিযোগ করেন। তবে রোনালদো সেই সময় ৩ লক্ষ ৭৫ হাজার ডলারের বিনিময়ে আপোষরফা করেন; যে আপোষনামার কপিও ফাঁস করেছে সেই জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল। এতদিন রোনালদো টুইট করে সব অস্বীকার করেছেন। এবার তাকে মুখোমুখি হতে হলো গণমাধ্যমের।
চ্যাম্পিয়নস লিগে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আমি সব সময়ই একজন সুখী মানুষ। আমি যদি ভুল না করে থাকি, দুই সপ্তাহ আগে আমরা এ বিষয়ে বক্তব্য দিয়েছি। এখন আমার এ ব্যাপারে কিছু বলার নেই। ব্যাপারটি নিয়ে আমি অবশ্যই মিথ্যে বলব না কিংবা লুকোচুরি করব না। আমি এবং আমার আইনজীবী এই ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী। সত্য সব সময়ই সবার আগে। সবচেয়ে বড় সত্য হচ্ছে আমি ফুটবলকে উপভোগ করে যাচ্ছি।’
শুধু এটুকুই নয়, গণমাধ্যমের সামনে নিজেকে আদর্শ হিসেবেও উল্লেখ করেন রোনালদো, ‘আমি জানি, আমি অনেকের কাছেই একজন আদর্শ। শুধু মাঠে নয়, বাইরেও। সে জন্য আমি সব সময়ই ভালো থাকার চেষ্টা করি। আমার ওপর অনেকের শুভকামনা আছে। আমি অসাধারণ একটা ক্লাবে খেলছি, আমার একটা সুখী পরিবার আছে, চার সন্তান রয়েছে, আমি নিজেও সুস্থ। আমার সবই আছে। এসব ছাড়া আর কোনো কিছুই আমার ওপর প্রভাব ফেলে না।’
বিবি/এসআর
























