বেতন পরিশোধ না করায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত ঐতিহ্যবাহী ‘কর্ণফুলি পেপার মিলে’ (কেপিএম) শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ ও অসন্তোষ। যে কোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বকেয়া বেতন-ভাতার দাবিতে এরই মধ্যে আন্দোলনে নেমেছেন, ক্ষুব্দ শ্রমিকরা। মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়েছে। এদিন মিলের ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন, শ্রমিক-কর্মচারীরা।
শ্রমিক নেতারা বলেন, এরই মধ্যে সরকার ঘোষিত জাতীয় মঞ্জুরি কমিশন-২০১৫ বাস্তবায়িত হচ্ছে। দেশের রাষ্টায়াত্ব অন্য সব কল-কারখানায় ২০১৮ সালের নভেম্বর থেকে নতুন স্কেলে বেতন-ভাতা প্রদান করা হচ্ছে। কিন্তু কর্ণফুলি পেপার মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন স্কেলে বেতন-ভাতা দিতে অস্বীকৃতি জানাচেছ। ফলে ক্ষোভে ফুঁসছেন, মিলের শ’শ’ শ্রমিক-কর্মচারী। তারা ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ কাদেরের বদলির দাবি জানান।
শ্রমিক নেতারা বলেন, ২০১৮ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতন আজ পর্যন্ত পরিশোধ করতে পারেনি কর্ণফুলি পেপার মিল কর্তৃপক্ষ। ফলে শ্রমিক-কর্মচারী সবাই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। ন্যায্য পাওনা আদায়ে কর্মবিরতি পালন করা হবে। আদায় না হওয়া পর্যন্ত তা চলতে থাকবে।এদিকে শ্রমিক-কর্মচারীদের আন্দোলন ও কর্মবিরতির কারণে কর্ণফুলি পেপার মিলে সব কর্মকান্ড স্থবির হয়ে পড়ে জানা গেছে। বুধবার পর্যন্ত নিজ কার্যালয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। তবে মুঠোফোনে যোগাযোগ করলে এ ব্যাপারে সাক্ষাত বা কোনো রকম মন্তব্য করতে রাজি হননি, মিলের ব্যবস্থাপনা পরিচালক।
কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি মো. আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বেতন-ভাতা না পাওয়ায় মিলের শ্রমিক-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা ব্যবস্থাপনা পরিচালকের বদলিসহ নতুন স্কেলে বেতন-ভাতার দাবি জানিয়ে বলেন, অন্যথায় মিলে শ্রমিক আন্দোলন আরও জোরদার করা হবে।
বিবি/ ইএম





















