রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছে। নিহতের নাম পবিত্র চাকমা ওরফে তোষন (৩৮)। নিহত পবিত্র চাকমা হেম চন্দ্র কার্বারী পাড়ার শান্তি প্রিয় চাকমার ছেলে। এ ঘটনা সংস্কারবাদী জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ। অপরদিকে ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়ার বলে অস্বীকার করেছে সংস্কারবাদী জনসংহতি সমিতির নেতারা।
তথ্যসূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরের দিকে পবিত্র চাকমা ও অন্য একজন ইউপিডিএফ কর্মীকে নিয়ে সাংগঠনিক কাজে উপজেলার ভূইয়োছড়ায় (ডানে লংগদু) গেলে মহালছড়ির মুবাছড়ি থেকে ১০-১২ দুর্বৃত্ত তাদের উপর অতর্কিতে গুলি চালায়। এতে ঘটনাস্থলে পবিত্র চাকমা নিহত হন। তবে অন্যজন অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।
এদিকে, ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংস্কারবাদী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছে। তবে সংস্কারবাদী জনসংহতি সমিতির পক্ষ থেকে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকতা রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পবিত্র চাকমা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।
বিবি/ ইএম



















