বিপিএলের শুরুতে যে দাপট দেখিয়েছিল ঢাকা ডায়নামাইটস, টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে ঠিক তার বিপরীত চিত্র দেখা যায়। পরিস্থিতি এমন হয় যে, বর্তমান রানার্সআপদের প্লে-অফে ওঠাই দুস্কর হয়ে পড়ে। টানা পাঁচ ম্যাচ হারের পর আজকের ম্যাচটি ছিল ঢাকার জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। অবশেষে বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটান্সকে সহজেই ৬ উইকেটে হারিয়ে প্লে অফের চার নম্বর স্থানটি নিশ্চিত করে ফেলল সাকিব আল হাসানের দল। লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো রাজশাহী কিংসকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে ৪৩ রানের চমৎকার ওপেনিং জুটি উপহার দেন উপুল থারাঙ্গা আর সুনিল নারাইন। ১৩ বলে ৩৫ করা ক্যারিবীয় অল-রাউন্ডার নারাইনকে মালানের তালুবন্দি করে জুটি ভাঙেন সাদ্দাম হোসেন। অধিনায়ক সাকিব আল হাসান আজও ব্যর্থ। মাহমুদউল্লাহর শিকার হয়ে ফিরেন ১ রানে। তাইজুলের বলে কট অ্যান্ড বোল্ড হন মিজানুর (০)।
দারুণ শুরুর পর হটাৎ ধসে ৭২ রানে ৩ উইকেট হারায় ঢাকা। দুর্দান্ত খেলতে থাকা উপুল থারাঙ্গা ৩০ বরে ৪ চার ২ ছক্কায় ৪২ রান করে মাহমুদউল্লাহর দ্বিতীয় শিকার হন। তবে এতে ঢাকার জিততে কোনো সমস্যা হয়নি। নুরুল হাসা (২৭*) এবং কায়রন পোলার্ড (৯*) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৪.৪ ওভারেই ৬ উইকেটের জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটস।
এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান তুলে খুলনা টাইটান্স। দলীয় ৮ রানে রুবেল হোসেনের শিকার হন জুনায়েদ সিদ্দিকী (২)। অপর ওপেনার ব্রেন্ডন টেইলরকে (১৮) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান। ব্যর্থ হয়েছেন ডেভিড মালান। ৭ রান করে রুবেলের বলে এলবিডাব্লিউয়র ফাঁদে পড়েন তিনি। খুলনার হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ এবং নাজমুল হোসেন শান্ত। তবে এই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ১৭ বলে ১৪ করা অধিনায়ক মাহমুদউল্লাহকে বোল্ড করে দিয়ে জুটি ভাঙেন কাজী অনিক।
এরপর পালা আল-আমিনের। ১২ রান করে ক্যাচ দেন সুনিল নারাইনের বলে। ২০ বলে ১ চার ১ ছক্কায় ২৪ রান করা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় শিকারে পরিণত হন সাকিবের। রান-আউট হয়ে যান তাইজুল ইসলাম (১২)। সাদ্দাম হোসেনও (১) একই পথের পথিক। আশ্চর্যের ব্যাপার হলো, সর্বোচ্চ ৩০ রান করা ডেভিড ওয়াইজও রান-আউট হন ইনিংসের শেষ বলে! নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত খুলনা টাইটান্সের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১২৩ রান। ২টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এবং রুবেল হোসেন।
উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানে অল-আউট হয়ে গিয়েছিল ইমরুল কায়েসের দল।
বিবি/এসআর























