কুমিল্লা মডার্ণ হাই স্কুল বর্তমানে শিক্ষায়, শৃংখলায়, ফলাফলে, সংস্কৃতি চর্চায় এবং শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুন্যের মাধ্যমে যেভাবে অগ্রসর হচ্ছে তথা সর্বদিক বিবেচনায় প্রমাণ কুমিল্লা মডার্ণ হাইস্কুল দেশের একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে।
গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-০৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোন এক সময় এই মডার্ণ হাইস্কুলে শিক্ষার মান ভালো ছিলনা, একটি পরিবারের কাছে এ বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানটি জিম্মি ছিল, কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানকে কোন উন্নতি করতে পারেনি, ধ্বংসের মূখে ঠেলে দিয়েছিল। সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের কষ্টের কথা কাউকে বলতেও পারেনি। কিন্তু আমি অনেক পরে হলেও এ প্রতিষ্ঠানকে বহু চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে তাদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
আজকের দিনে এ শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল পরিমান অর্থনৈতিক ফান্ড সৃষ্টি হয়েছে এবং তা দিয়ে আজকের দিনে এ সুন্দর একটি অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উপহার দেওয়া সম্ভব হয়েছে। এমপি বাহার কুমিল্লা মডার্ণ হাইস্কুলের গার্লস গাইডের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা এবং তায়কোয়ানডো এসোসিয়েশনের অনবদ্য ক্রীড়া নৈপুণ্যে ভূঁয়শী প্রশংসা করেন।
তিনি কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইভটিজিং মুক্ত করার আহবান জানান এবং জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সালের উন্নত ও জ্ঞান নির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য কুসিক প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: রুহুল আমিন ভূঁইয়া।
এছাড়া অন্যান্য অতিথির মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের রেক্টর মমতাজ বেগম, প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য হেলাল উদ্দিন, সদস্য সরওয়ার ফরহাদ পলাশ, মহিলা বিষয়ক সদস্য মাহবুবা আক্তার সাথী, সহকারি প্রধান শিক্ষক জীবন চন্দ্র দেবনাধ প্রমূখ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুর রশিদ আলমগীর, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক বাবু শিবু প্রসাদ রায় সহ বিদ্যালয়ের অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মডার্ণ গার্লস গাইড দলের দৃষ্টি নন্দন নৃত্য পরিবেশনা ও সহকারি শিক্ষক রাসেল আহমেদ এর পরিচালনায় তায়কোয়ানডো এসোসিয়েশনের মনোজ্ঞ ডিসপ্লে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক প্রবীর রঞ্জন ও জসিম উদ্দিন।
বিবি/রেআ




















