প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজের সন্তান মনে করে পাঠদান করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসা গরিব মানুষের সন্তানদের যদি সঠিক ভাবে পাঠদান না করা হয়, তবে আল্লাহ বেজার হবেন, সরকার যে বেতন দেয় তা হালাল হবে না, সন্তান মানুষ হবে না, মাদকসেবী হবে, সন্ত্রাসী হবে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে এমনটা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
শুক্রবার বিকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত বর্ষপূর্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। সিনিয়র জেল সুপার (অবঃ) ফোরকান আলীর সভাপতিত্বে শত বর্ষপূর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে ১৯১৮ সালে পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একশ বছর যাবত বিদ্যালয়টি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী শত বর্ষপূর্তী উদযাপনের আয়োজন করে। শত বর্ষপূর্তী অনুষ্ঠানটি বিদ্যালয়ের নবীন-প্রবীন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন, এক কোটি চল্লিশ লাখ মাকে বিনামূল্যে সিম কার্ড প্রদান করা হয়েছে, যাতে উপবৃত্তির টাকা সরাসরি উত্তোলন করতে পারেন। মিড ডে মিলে বিস্কুটের পরিবর্তে মায়ের হাতের খাবার অথবা ডিম ও কলা দেয়ার চেষ্ঠা চলছে। কিন্ডারগার্টেন স্কুল প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে শিশুদের মেধা নষ্ট করে দেয়া হচ্ছে, বইয়ের ভারে শিশুরা ক্লান্ত, শিশুদের বইয়ের বোঝা তাদের মায়েদের বহন করতে হয়। প্রাথমিক শিক্ষকদের ক্লান্তি লাঘব করতে দেশের সমস্ত বিদ্যালয়ে এক শিফট চালুর কথা বলেন তিনি।
পাটেশ্বরী সঃ প্রাঃ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রতিমন্ত্রীকে অবহিত করা হলে তিনি তা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া পিডিপি-৪ এর আওতায় রাস্তা সংলগ্ন উপজেলার সমস্ত বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করার আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, পাটেশ্বরী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু হাসান হ্যাভেন, এরফন আলী বাবু ও আব্দুস ছাত্তার প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় উপ পরিচালক আব্দুল ওহাব, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী, ভ‚রুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী ও সার্কেল এসপি শওকত আলী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান।
বিবি/রেআ




















