ভূটানের প্রধানমন্ত্রী ডাঃ লটেই সেরিং এর সঙ্গে টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম একান্ত বৈঠকে মিলিত হন। টিএমএসএস’র ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ভূটান সফর করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত মঙ্গলবার ঘণ্টা ব্যাপি এই আলোচনায় ভূটানের সরকারী ও গুরুত্বপূর্ণ বেসরকারী প্রতিষ্ঠান গুলোর সঙ্গে টিএমএসএস এর বিভিন্ন বিভাগের সুদৃঢ় সম্পর্ক ও সহযোগীতা প্রতিষ্ঠার জন্য ভূটান সরকার কি ধরনের সহযোগীতা প্রদান করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা: মোঃ মতিউর রহমান,উপদেষ্টা ফারুখ ফয়সাল,পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা: অনুপ রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। ভূটানের প্রধানমন্ত্রীর নিকট স্বাস্থ্য, মানব উন্নয়ন ও কারিগরি সহায়তা প্রদানের কর্মসুচী উপস্থাপন করা হলে ভূটান সরকারের পক্ষে তিনি সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী ভূটান থেকে টিএমএসএস মেডিকেল কলেজে ভূটানের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য প্রেরণের ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সদের ভূটানে পাঠানোর বিষয়ে টিএমএসএস কি ভূমিকা রাখতে পারে সেই বিষয়েও আলোচনা করেন। টিএমএসএস ও ভূটানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আন্তরিক উদ্যোগ গ্রহণের জন্য টিএমএসএস এর নির্বাহী পরিচালকের কাছে ভূটানের প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী ১২ই এপ্রিল সরকারী সফরে ভূটানের প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীসহ আরো কয়েক জন গুরুত্বপূর্ণ মন্ত্রী বাংলাদেশে সরকারী সফরে যাচ্ছেন। ভূটানের প্রধানমন্ত্রী ডাঃ লটেই সেরিং টিএমএসএস প্রতিনিধি দলের কাছে তার পরবর্তী বাংলাদেশ সফরে যাওয়ার সময় টিএমএসএস বগুড়া ফাউন্ডেশন অফিস পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
বিবি/রেআ




















