নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৬১ বলে ১৪৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।
বুধবার নর্থ সিডনি ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তিনি এই রেকর্ড করেন।
তার ইনিংসে ছিল ১৯টি চার ও সাতটি ছয়। দুই দিন আগেই ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলেছিলেন অ্যালিসা।
এদিন তার দাপটেই ২০ ওভারে দুই উইকেটে ২২৬ তোলে অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ৯৪ তোলে শ্রীলঙ্কা। জয় এলো ১৩২ রানে। সিরিজে ৩-০ জিতলো অস্ট্রেলিয়া।
এর আগে নারীদের ক্রিকেটে এই ঘরানায় সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ারই মেগ ল্যানিংয়ের।
গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে অপরাজিত ছিলেন ল্যানিং। বুধবার সতীর্থের রেকর্ডকেই ছাপিয়ে যান অ্যালিসা হিলি।
হিলি বলেন, এটা সেই দিনগুলোর একটি যেদিন সব বলই ব্যাটের মাঝখান দিয়ে মারা যায়।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেলিব্রেটি দম্পতি মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলি। গতি তারকা স্টার্ক পুরুষ দলের হয়ে শাসন করছেন ক্রিকেট, আর হিলি অস্ট্রেলিয়ার মহিলা দলের।
পৃথিবীর একমাত্র দম্পতি যারা নিজেদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে নিজ নিজ দলের অ্যাশেজ জয়ে ভূমিকা রেখেছেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























