“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি”। বাংলায় এমন টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভারতীয় প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড টুইটার আইডি থেকে এ টুইট করেন। ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে একাধিক টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসাধারণ একটি আলোচনা হয়েছে।আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি।

দুই দেশের সরকারপ্রধানের বৈঠকে উভয় দেশের মধ্যে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধান তিনটি যৌথ প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্প তিনটি হলো- খুলনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ-ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ঢাকার রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবন এবং বাংলাদেশ থেকে ত্রিপুরায় এলপিজি আমদানি প্রকল্প।
শনিবার (০৫ অক্টোবর) দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে বসেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।
এদিন সকাল সাড়ে ১১টার কিছু পর শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠক শেষে ভারতীয় প্রধানমন্ত্রীর আহ্বানে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ

























