করোনাভাইরাসের কারণে দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তবে এর মাঝেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শিক্ষাজীবনের বড় একটা অংশ এখানেই কাটিয়েছেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বৃহস্পতিবার রাতে অনলাইনে বিকেএসপির কোচ ও নীতিনির্ধারকদের সঙ্গে সভা করেছেন তারা।
বিকেএসপির কোচদের মাঝে রাতের এই সভায় উপস্থিত ছিলেন সাকিব-মুশফিকদের গুরু নাজমুল আবেদীন ফাহিমও। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি সভায় সাকিব মুশফিকরা কী বলেছেন সে সম্পর্কে কিছু কথা লিখেছেন।
দেশের ক্রিকেটারদের শ্রদ্ধাভাজন এই কোচ লেখেন, মুশফিক এবং সাকিব বিকেএসপির অন্যতম দুই কৃতি ক্রিকেটার। আজকের জুম সেশনে আমরা তাদের চোখে বিকেএসপিকে আবার ফিরে দেখেছি।
তিনি আরো লেখেন, তাদের সময়ে বিকেএসপি কেমন ছিল এবং কী কী হলে বিকেএসপিতে তাদের বেড়ে ওঠাটা আরো মসৃণ এবং সমৃদ্ধ হতো এসব বিষয়ে তারা আমাদের সঙ্গে মন খুলে কথা বলেছে। আমাদের বিশ্বাস এই আলোচনা থেকে বিকেএসপি কে আমরা আরো সময়োপযোগী, আধুনিক এবং কার্যকর হিসেবে গড়ে তুলতে পারব।
বর্তমানে বিকেএসপি’র ক্রিকেট বিভাগের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় তিনশ শিক্ষার্থীকে বিভিন্ন গ্রুপে ভাগ করে শিক্ষা প্রদান করা হচ্ছে। প্রতি গ্রুপে আছেন ২০ জন করে শিক্ষার্থী এবং একজন করে কোচ।
কোচরা অনলাইন ক্লাসে ছাত্রদের নানারকম নির্দেশনা দিচ্ছেন। জুম মিটিংয়ের মাধ্যমে পরিচালিত এসব ক্লাসে ছাত্ররা তাদের ভিডিও রেকর্ড করে কোচদের কাছে পাঠাচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























