মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোসকে বিদায় দিয়ে তার জায়গায় আজেন্টাইন ফরোয়ার্ডই আনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রাউল অস্কার নামের ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড সর্বশেষ খেলেছেন কাতার প্রিমিয়ার লিগের দল উম সালাল স্পোর্টস ক্লাবে। এছাড়া তিনি ইকুয়েডর, চিলি এবং আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন।
রাউল অস্কারের সঙ্গে বসুন্ধরা কিংসের চুক্তি সম্পন্ন হয়েছে। এ নিয়ে আগামী মৌসুমের জন্য বসুন্ধরা কিংস চার বিদেশি কোটা পূরণ করলো। এর আগে চ্যাম্পিয়নরা দলে ভিড়িয়েছে ব্রাজিলের রবিনহো ও জোনাথন এবং এশিয়ান কোটায় ইরানের খালেদ শফিকে।
রোববার থেকে শুরু হচ্ছে আগামী মৌসুমের জন্য খেলোয়াড় রেজিস্ট্রেশন। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সর্বশেষ মৌসুম পরিত্যক্ত হওয়ায় এবার ফুটবলারদের পুরোনো ক্লাবেই থাকতে হচ্ছে। তবে কেউ ক্লাবের সঙ্গে সমঝোতার মাধ্যমে দল ছাড়তে পারবেন।
বসুন্ধরা কিংস পুরোনোদের মধ্যে থেকে ৬ জনকে ছেড়ে দেবে বলে তাদের তালিকা বাফুফেতে পাঠিয়েছে। তারা এখন অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন। তবে কোনো খেলোয়াড় অন্য ক্লাব না পেলে পুরোনো দলেই থাকবেন।
বিজনেস বাংলাদেশ / আতিক


























