বাংলাদেশে আসার আগে দুঃসংবাদ পিছু ছাড়ছে না নেপাল ফুটবল দলের। আগেই চার জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার সঙ্গে এবার যোগ হলেন আরও দু’জন। আরও দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ার সংবাদ দিয়েছে গোল নেপাল।
তার আগেই ক্যাম্পে থাকা ৩০ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন চালাচ্ছিল তারা। গত বৃহস্পতিবার থেকে নেপালের অনুশীলন শুরু হয়েছে বাল গোপাল মহারাজনের অধীনে।
অবশ্য নেপাল দল এবার স্বস্তিতে নেই মোটেও। করোনা ছাড়াও দলে চোট আক্রান্ত খেলোয়াড়ও রয়েছেন। দলের অন্যতম তারকা রোহিদ চাঁদ ইনজুরিতে পড়েছেন। তবে সব প্রতিকূলতা ছাপিয়ে নেপাল দল কাল বৃহস্পতিবার সকাল ১১ টায় চার্টার্ড বিমানে ঢাকায় নামছে। বাফুফেকে তারা আসার বিষয়টি নিশ্চিতও করেছে।
ঢাকায় এসেই আবার সফরকারীদের তিন থেকে চার দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া করোনা পরীক্ষার মাঝেও যেতে হবে তাদের। তার পর আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপাল।
বিজনেস বাংলাদেশ / আতিক


























