পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোন করে পণ্ড করলেন একটি বাল্যবিয়ের আয়োজন। বুধবার উপজেলার কেশবপুর ইউনিয়নের দক্ষিণ ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করেন পরিবারের সদস্যরা। বিষয়টি স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে ইউএনও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ফোন করে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। এরপরই বাল্যবিয়ের আয়োজনটি পণ্ড হয়ে যায়।
কেশবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান পলাশ বলেন, ইউএনও ফোন করার পরই বরপক্ষ আর আসেননি। আর এতেই বেঁচে যায় কিশোরী মেয়েটি।
ওই মেয়ের বাবা নাসির চৌকিদার বলেন, আমার মেয়েকে আর বিয়ে দিচ্ছি না। সে এখন থেকে লেখাপড়া করবে। পরিণত বয়স হলেই তাকে বিয়ে দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বুধবার সকালে আমাকে ওই এলাকা থেকে ফোন করে জানিয়েছেন এক ব্যক্তি। তারপরই আমি পদক্ষেপ নিয়েছি। এভাবে সব মানুষ সচেতন হলেই বাল্যবিয়ে রোধ করা সম্ভব।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

























