বগুড়ায় খাদ্য বিভাগের আয়োজনে জেলায় ধান ক্রয়ে কৃষকের অ্যাপের বিষয়ে অংশীদারগণের সঙ্গে আমব্রেলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাহমিদুল ইসলাম।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক সোহেল মো. সামছুদ্দিন ফিরোজ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহিম, উদ্যোক্তা রেজাউল করিম, মনিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, কৃষকদের হয়রানি ছাড়া সহজে সেবা প্রদানের জন্য অ্যাপ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে। প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল বাংলাদেশের সুবিধা পৌঁছে গেছে। কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষি ও কৃষকের কল্যাণে পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। করোনকালে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমদানি-রফতানি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তিনি কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও বেশি জনবান্ধব হয়ে কাজ করে দেশকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

























