জনগণের কল্যাণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কমিউনিটি ব্যাংক শুধু পুলিশ সদস্যদের জন্য নয়, জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের দাউদকান্দি’র গৌরীপুর শাখা উদ্বোধন করেন আইজিপি ও কমিউনিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম (পিপিএম বিপিএম-বার),দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহরিয়ার, দাউদকান্দি সার্কেল এসপি আবু সালাম চৌধুরী, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,গৌরীপুর ফাঁড়ি ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, কমিউনিটি ব্যাংক গৌরীপুর শাখার ভারপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোস্তফা কামাল সহ দাউদকান্দির বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ।
দেশের জনগণ কমিউনিটি ব্যাংকে যেন নিজেদের ব্যাংক মনে করে উল্লেখ করে ভিডিও কনফারেন্সে বেনজীর আহমেদ বলেন, শুধু ব্যাংকের সংখ্যা বাড়ানোর জন্য নয়, এ ব্যাংকটি হবে অন্যদের চেয়ে আলাদা, স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। ইনোভেটিভ ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের জনগণের আর্থিক নিরাপত্তা দেওয়া এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যই কমিউনিট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অনেক ক্ষেত্রে বিশ্বে মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।আমরা চাই ব্যাংকিং জগতেও দেশে-বিদেশে কমিউনিটি ব্যাংক সবার সেরা হবে। ব্যাংকটির সেবা, কাস্টমারদের প্রতি আচরণ, টেকনোলজি হবে আন্তর্জাতিকমানের।
এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন, দাউদকান্দি বাংলাদেশের অন্যতম একটি অঞ্চল যেখানে প্রবাসীদের সংখ্যা অনেক।এই অঞ্চল থেকে বাংলাদেশের রেমিটেন্স এর একটা বিশাল পরিমাণ অর্জন আসে। যেহেতু কমিউনিটি ব্যাংকের লেনদেন খুব সহজলভ্য এবং আধুনিক ভাবে হয়।এতে এই অঞ্চলের ভোক্তারা দ্রুত সময়ের মধ্যে আধুনিক ব্যাংকিং সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

























