‘যুব সমবায়ের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বেকার সমস্যা দূর হয়েছে। সমবায় উন্নয়নের জন্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের ছেলেমেয়েদের সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। দেশের জাতীয় আয়ে সমবায়ের অর্থনৈতিক গুরুত্ব অনেক।’
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এসব কথা বলেন। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুই সমবায়কে অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে টিকিয়ে রাখতে সমবায়ের অগ্রযাত্রাকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা সমবায় অফিসার শাহিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াহিয়া খান, উপজেলা বিআরডিবি’র সভাপতি মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল অাউয়াল মোল্লাসহ অনেকে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















