সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে সোনাতলা-সারিয়াকান্দি সড়কের পাশে অবস্থিত গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোসাইবাড়ী জামে মসজিদ। ওই মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় বাঁশের সাকো চলাচলের একমাত্র পথ।
মাত্র ২০ ফুট দীর্ঘ একটি ব্রীজের অভাবে যাতায়াতকারীদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে দীর্ঘদিন থেকে। পারাপার হতে গিয়ে লোকজন পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীরা ওই বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হচ্ছে ঝুঁকি নিয়ে। স্থানীয়রা দ্রুত ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন।
গোসাইবাড়ী গ্রামের মোনাহার হোসেন, এমদাদুল হক, রিপন মাস্টার, শামছুন নাহার বেগম জানান, অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে তবে আজও বাস্তবায়ন হয়নি।
স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল পূর্বপশ্চিমকে জানান, ওই বাঁশের সাঁকোর উপর দিয়ে গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ মসজিদে যাতায়াতকারী মুসুল্লিদের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। শীঘ্রই ওই স্থানে ব্রীজ নির্মাণে জন্য পদক্ষেপ নেয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে খুব অল্প সময়ের মধ্যে ওই স্থানে ব্রীজ নির্মাণ করা হবে।
স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান পূর্বপশ্চিমকে জানান, এবিষয়ে কেউ তাকে অবগত করেননি। এলাকাবাসীর দুর্ভোগ রোধে ব্রীজ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















