চাঁদাবাজির মামলায় জেল হাজতে যাওয়ার ঘটনায় বরিশালের কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন মোল্লা লিটনকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সোমবার রাতে চেয়ারম্যান কামাল হোসেন মোল্লা লিটনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান। তিনি জানান, পরিবহন সেক্টরে চাঁদাবাজির ঘটনায় মামলা এবং ঐ মামলায় তাকে জেল হাজতে প্রেরণের ঘটনায় ৩ নভেম্বর কামাল হোসেন মোল্লা লিটনকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এছাড়া আগামী ১০ দিনের মধ্যে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না সেই কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়েছে। বহিষ্কার হওয়া কামাল হোসেন মোল্লা লিটন সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বরিশাল জেলা টেম্পু মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি।
উল্লেখ্য, চাঁদা দিতে ব্যর্থ হলে গত ২২ জুলাই রাতে গোল্ডেন লাইন পরিবহনের বাস কাউন্টার ইনচার্জ শহীদুল ইসলামকে বাসায় ফেরার পথে লিটন মোল্লার নির্দেশে তার অনুসারীরা চাঁদার টাকা দাবী করে মারধর করে। এ সময় লিটন মোল্লার লোকজন ইনচার্জের সাথে থাকা ২ লাখ ৪৩ হাজার ৯শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় লিটন মোল্লাকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি চাঁদাবাজির মামলা করে কাউন্টার ইনচার্জ। এদিকে ৯ আগস্ট বিএমএফ কাউন্টারে চাঁদাবাজিকালে কামাল হোসেনের শ্যালক কামরুলকে আটক করে পুলিশ। পরে ঔ ঘটনায় কামাল হোসেনকে আসামী করে মামলা দায়ের করা হয়। ঐ দুই মামলার গত ২৯ সেপ্টেম্বর বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কামাল হোসেন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















