যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারায় আধিপত্যের জের ধরে যুবলীগ নেতা গোলাম জিলানী চৌধুরী ওরফে জিল্লুকে স্ত্রী’র সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাতটায় চৌয়ারা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন নগরীর ২৫ নং ওয়ার্ডের গ্রাম চৌয়ারার মোখলেসুর রহমান মাস্টার ছেলে যুবলীগ নেতা গোলাম জিলানী চৌধুরী ওরফে জিল্লু বুধবার সকাল সাতটায় তার স্ত্রী’কে আনার জন্য মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তার মাথায় আসা মাত্র ১০/১৫ জনের একটি দল তাকে গতিরোধ করে প্রথমে গুলি করে এবং পরবর্তীতে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জিল্লু মারা যায়। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ





















