মুজিববর্ষে ঘর ও ভূমি পাবেন এমন স্বপ্ন দেখছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১০ ভূমিহীন পরিবারের মানুষ। আগামী ডিসেম্বর মাসের মধ্যে তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হবে। করোনা মহামারির সংকটে যে সব ভূমিহীনদের খাদ্য সহায়তা প্রদানের পর এবার তাদের গৃহনির্মাণ করে দেওয়ার স্বপ্নসারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা দেশের ন্যায় কুলাউড়ায়ও ১১০ ভূমিহীন পরিবারকে তিনি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করলেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মোতাবেক আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ভূমিহীনদের গৃহনির্মাণ করে দিতে মাঠে তৎপর কুলাউড়া উপজেলা প্রশাসন। আর সেই কাজ বাস্তবায়নের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন দাপ্তরিক কাজের পাশাপাশি ভূমিহীনদের খোঁজে এবং তাদের জন্য সরকারি খাস জমি খুঁজতে মাঠে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন গিয়ে প্রকৃত ভূমিহীনদের তালিকা প্রস্তুত করছেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন কর্তৃক তালিকাভুক্ত ৪৪০ ভূমিহীন পরিবার রয়েছে। তন্মধ্যে প্রাথমিক পর্যায়ে ১১০ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর এই উপহার। সেই ভূমিহীনদের খোঁজে উপজেলার বরমচাল, ভাটেরা, ব্রাহ্মণবাজার, হাজীপুর, শরীফপুর, পৃথিমপাশা, জয়চন্ডী, কর্মধা, টিলাগাঁও ইউনিয়ন পরিদর্শন করেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে কুলাউড়ায় প্রাথমিকভাবে ১১০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর করে দেওয়া হবে। এটা একটা বিরাট কর্মযজ্ঞ, তবুও আমরা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি প্রকৃত উপকারভোগীর হাতে তুলে দিতে পারব বলে বিশ্বাস করি। এ কাজ বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিত প্রয়াসে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে। বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















