বন্দর নগরী চট্টগ্রামে মাস্ক না পরায় ৮০ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত থেকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম উমর ফারুক, রেজওয়ানা আফরিন ও নুরজাহান আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন।
নির্বাহী হাকিম উমর ফারুক নগরীর নিউ মার্কেট ও কোতয়ালি এলাকায় মাস্ক না পরার কারণে ৫৩ জনকে ৯ হাজার ৩৩০ টাকা, রেজওয়ানা আফরিন জামাল খান ও জিইসি মোড় এলাকায় ২০ জনকে ১৫০০ টাকা এবং নুরজাহান আক্তার সাথী দামপাড়া এলাকায় সাতজনকে ৪৭০ টাকা অর্থদণ্ড করেন। এসময় তাদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী হাকিমরা।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম উমর ফারুক বলেন, করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতিনিয়ত আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক পরিধান না করে জনাকীর্ণ এলাকায় ঘোরাঘুরি করছে- যা স্বাস্থ্যবিধির সম্পূর্ণ লঙ্ঘন। ফলে নিজেকে ও অন্যদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। অভিযানে দেখা যায়, বিভিন্ন পেশার মানুষ দোকানদার, চাকরিজীবী, ড্রাইভার, যাত্রী, পথচারী এমনকি শিক্ষিত ও সচেতন মানুষ মাস্ক পরিধানে অবহেলা, অবজ্ঞা করছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম বলেন, মাস্ক পরার জন্যে প্রথম থেকেই আমরা সচেতনতা সৃষ্টির জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণাসহ মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করে আসছি। তথাপি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকেই অবহেলা করে মাস্ক পরছেন না। ফলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হচ্ছে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে যাতে সবাই বাধ্যতামূলক মাস্ক পরে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দুই শিফটে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এছাড়া মাস্কবিহীনদের মাঝে আমরা মাস্ক বিতরণ করছি।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















