‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিবর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। জনতার পুলিশ জনতাকে নিয়েই কাজ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত এলাকার বিট পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক গড়ে তুলতে হবে।’
বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি হল রুমে মাসিক অপরাধ সভা সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্বকালে এসব বলেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর- রশিদ।
তিনি বলেন, ‘বিট পুলিশের কার্যক্রমকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ইন্সপেক্টর জেনারেল বেনজির আহমেদ কাজ করে যাচ্ছেন। সমাজে যে অপরাধ ঘটে সেই সমস্যাগুলো চিহ্নিত করে বিট পুলিশিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান বের করে সমাধান দিতে হবে।’
পুলিশ কর্মকর্তারাই মানুষকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাবেন। সারাদেশের ন্যায় ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহে বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়েছে গত আগস্ট মাস থেকে। রেঞ্জের ৩৬টি থানার মধ্যে ১টি সিটি কর্পোরেশন, ২৬টি পৌরসভা ও ৩৫১টি ইউনিয়ন পরিষদের এলাকাসমূহে ৪৬৯টি বিটে ভাগ করে প্রতিটি বিটে একজন এসআই, একজন এএসআই ও দুইজন কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে পুলিশের সেবাকে গতিশীলতা আনতে ডিআইজি ব্যারিস্টার হারুন অর- রশিদ ঐকান্তিক প্রচেষ্টায় বেস্ট পুলিশিং ডিজিটাল মনিটরিং সিস্টেম (বিপিডিএমএস) মাধ্যমে বিট অফিসারদের দায়িত্বপ্রাপ্ত বিট এলাকায় উপস্থিতি মনিটরিং করা হচ্ছে।’
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এর প্রচারণা ও মাদক উদ্ধারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান তিনি।
এসময় জুলাই-সেপ্টেম্বর মাসের বিভিন্ন ক্যাটাগরিতে শেরপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ীর শ্রেষ্ঠ সার্কেল অফিসার জাহাঙ্গির আলম, মুক্তাগাছার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সরকার, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ ডিবি অফিসার শাহ কামাল আকন্দ, নেত্রকোনা মডেল থানার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা সোহেল রানা, শ্রেষ্ঠ পরোয়ানা নিস্পত্তিকারী কর্মকর্তা শেরপুর শ্রীবরদী থানারিউপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম ও জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ সংবাদদাতা হালুয়াঘাট থানার নাশুল্লা গ্রামের লাল মিয়াকে ভালো কাজের স্বীকৃতিপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভুইয়া, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ অন্যান্য অফিসাররা।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















