মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারা দেশে যোগাযোগের একটা নেটওয়ার্ক গড়ে তুলছে। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় যোগাযোগের এ মেলবন্ধন সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জুলুহার বাজার দুর্গাকাঠি-লক্ষ্মণকাঠি সড়কের উদ্বোধন শেষে দুর্গাকাঠি এস জি এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়,পদ্মা সেতু এখন বাস্তবে রূপ নিচ্ছে। অপ্রতিরোধ্য বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে অনুকরণীয় একটি দেশ হিসেবে পরিণত হয়েছে।
তিনি এ সময় করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে জনগণকে পুনরায় সচেতন করে দিয়ে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. সবুর তালুকদার প্রমুখ।
মন্ত্রী দুপুরে প্রধান অতিথি হিসেবে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, তথ্য-প্রযুক্তিনির্ভর রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















