‘নৌকার প্রশ্নে কোনো আপস নয়, মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দেবে আমরা মিলেমিশে তাকে নির্বাচিত করব’ আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে এমনটি বললেন আওয়ামী লীগের পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
তিনি আরো বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, নৌকা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। আসন্ন পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ড যাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করবেন, আমরা সকলে মিলেমিশে তাকে বিজয়ী করব। শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে নড়িয়া শহীদ মিনার চত্বরে শীতার্তদের মাঝে পৌরসভার দুই হাজার ও উপজেলার ১৪টি ইউনিয়নে পাঁচ শ’ করে সাত হাজার কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সরকার ও রাজপথ আওয়ামী লীগের দখলে। বাইরে থেকে বিএনপি-জামায়াত যতো গুজব ছড়াক ও ষড়যন্ত্র করুক আওয়ামী লীগকে সরকার থেকে নামানো যাবে না। প্রধানমন্ত্রী সততায় সেরা, মানবতায় সেরা এবং দক্ষতাও সেরা। তার নেতৃত্বে বাংলাদশে ধারাবাহিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা সঙ্কটের মধ্যেও পদ্মা সেতুর ৪০টি স্প্যান ইতিমধ্যে বসানো হয়েছে। আর একটি মাত্র স্প্যান বসলে পদ্মা সেতুর ওপর দিয়ে হেঁটেও ঢাকায় চলে যাওয়া যাবে। শেখ হাসিনা যা বলেন, তা করেও দেখান। এর নামই শেখ হাসিনা।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















