ব্রাহ্মণবাড়িয়ার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের হলরুমের সামনে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন করা শিক্ষাপ্রতিষ্ঠান দুইটি হলো— ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ও ছোট হরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ। দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৭ লাখ টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ যেন দ্রুতগতিতে এগিয়ে যায় সে ভূমিকা বর্তমান সরকার রাখছে। আমাদের সরকার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে।’
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সদর উপজেলা ইউএনও পস্কজ বড়ুয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম সহ কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ।




















