মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনের করা হবে। যাতে করে পরবর্তী প্রজন্ম বীর মুক্তিযোদ্ধাদের সবাই সরণ করে রাখতে পারে।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের সকল মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খরচ ও হোল্ডিং ট্যাক্স ফ্রি করে দিচ্ছি।
মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরি ও ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি। গাজীপুর সিটি করপোরেশনের সকল মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করা হবে আর যে সকল রাস্তা ভুয়া মুক্তিযোদ্ধার নামে করা হয়েছে যেসকল রাস্তা প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে করে দেয়া হবে।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন, তারা দেখে যাক তাদের সন্তানেরা ভাল আছেন, স্বাধীনভাবে তারা কাজ করছেন এবং মর্যাদার সঙ্গে কাজ করতে পারছেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে বিজয়দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ও মেয়র এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও আব্দুর রউফ নয়ন প্রমূখ।
আনুষ্ঠান শেষে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যসহ প্রায় দেড়হাজার মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা ও উপহার সামগ্রী দেয়া হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























