রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি প্রথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। যারা এই কজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকট সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদন বুধবার (২৩ ডিসেম্বর) বেরোবি’র উপাচার্য (ভিসি) প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নিকট পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আসিব আহসান।
জেলা প্রশাসক জানান, জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় জেলা প্রশাসন গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী মঙ্গলবার সন্ধ্যায় তার নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে জাতীয় পতাকা বিকৃতির অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এ কারণে তদন্ত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকট পাঠানো হয়েছে।
পতাকা বিকৃতির অভিযোগে ১৭ ডিসেম্বর রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী। অন্য সদস্যরা হলেন— মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু এবং মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জিন্নাহ আল মামুন।
এদিকে, পতাকা বিকৃতির ঘটনার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকায় অবস্থিত লিঁয়াজু অফিসে সিন্ডিকেটের ৭৩তম বিশেষ সভায় তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। এতে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুল ইসলামকে আহ্বায়ক প্রক্টর আতিউর রহমানকে সদস্য সচিব এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সুচিত্রা শারমিনকে সদস্য করা হয়। তবে কত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে তা বলা হয়নি।
এদিকে, পতাকা বিকৃতির ঘটনায় তাজাহাট থানায় ২০ ডিসেম্বর ভিসিসহ ৯ জনকে অভিযুক্ত করে দুটি মামলা করা হয়। মামলা দুটি আদালতে পাঠানো হলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শওকত আলী অভিযোগ আমলে নিয়ে ১৫ কার্যদিবসে তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ দেন থানাকে।
উল্লেখ্য, মহান বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বিকৃত পতাকা নিয়ে ছবি তোলেন ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এদিকে পতকা বিকৃতিরকারিদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নগরীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন সমাবেশ অব্যাহত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















