চট্টগ্রাম নগরীতে একটি নির্মাণাধীন সীমানা দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন মোঃ সালাউদ্দিন (২০) ও মোঃ শুক্কুর (১৮)।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে জুবিলী রোড এলাকায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি মোঃ মহসিন এ ঘটনা নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে একজন নিহত হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে আসে। তার নাম সালাউদ্দিন। পরে এখান থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টার দিকে শুক্কুর নামে আরেকজন মারা যান।
নিহত দুই শ্রমিক এনায়েত বাজার তুলাতলী এলাকার বাসিন্দা বলে জানান তিনি।
নির্বাচন কমিশন কার্যালয়ের পাশেই একটি খোলা জায়গায় সীমানা দেয়াল নির্মাণের কাজ চলছিল। স্থানটি গীর্জার মাঠ নামে স্থানীয়দের কাছে পরিচিত। সেখানে আগে পাহাড়ি টিলা ছিল। সম্প্রতি একটি প্রতিষ্ঠান সরকারি জায়গাটি লিজ নিয়ে মাটি কেটে সমান করে। এখন চারপাশে সীমানা প্রাচীর দেয়ার কাজ চলছে।
ওসি মহসিন বলেন, ‘আমরা জানতে পেরেছি সাহেদ নামে এক ব্যক্তি দুই বছরের জন্য জায়গাটি লিজ নিয়ে সেখানে অস্থায়ীভাবে গোডাউন নির্মাণ করছিল।’
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















