মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায়ও এগিয়ে চলছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ। কাপাসিয়ার নির্মিতব্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র রুটিন ওয়ার্ক হিসেবে পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।
২৭ ডিসেম্বর, রবিবার ধর্ম মন্ত্রণালয়ের উপ-পরিচালক, গণপূর্ত বিভাগ গাজীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্মাণ সংস্থা- মুক্তা কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিনিধিগণ মডেল মসজিদ নির্মাণের ২য় তলার ছাদ ঢালায় কাজ পরিদর্শন করে কাজের মান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট কাপাসিয়া অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং কাপাসিয়ার ইমাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় দেশের জেলা শহরগুলোতে ৪ তলা এবং প্রতিটি উপজেলায় ৩ তলাবিশিষ্ট ৫৬০টি এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো নির্মাণ করা হচ্ছে। ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক স্থাপন প্রকল্প একনেক-এ পাশ হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৫ এপ্রিল ভিডিও কনফারেন্সে ৮ বিভাগের ৯ টি স্থানে এ কাজের উদ্বোধন করেছিলেন।
উপ-পরিচালক আরও জানান, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এসব মডেল মসজিদ নির্মিত হচ্ছে। অনেকে মনে করছেন, সৌদি সরকারের আর্থিক সহায়তায় এগুলো নির্মিত হচ্ছে।
এসব মডেল মসজিদে নারী ও পুরুষদের পৃথক ওযু ও নামায আদায়ের ব্যবস্থা, ইসলামী বিষয়ে জ্ঞান অর্জনে গ্রন্থাগার, গবেষণা ও দ্বীনি দাওয়াহ কার্যক্রম পরিচালনার জন্য সম্মেলন কক্ষ ও গবেষণা কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, হজ্ব যাত্রীদের নিবন্ধন – প্রশিক্ষণের ব্যবস্থা, বিদেশি অতিথিদের আবাসন ব্যবস্থা, হাফেজখানা ও শিশুদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ, মৃতদেহ গোসলের ব্যবস্থা, অটিজম কর্নারসহ বিভিন্ন সুবিধা বিদ্যমান থাকবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















