মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার বেলা ১২টার দিকে বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি গ্রামের নুরু মোল্লার ছেলে মো. মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লা (২৪) এবং একই গ্রামের জালাল মোল্লার ছেলে মো. মিলন মোল্লা (২২)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি এলাকার গাউস নপ্তির মেয়ে ও কোর্টবাড়ি শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার ওরফে রিয়া (০৮) কোচিং ক্লাস শেষে বিকেলে বাড়ি ফেরার পথে আসামি মাহমুদুল হক মধু ও মিলন মোল্লা পাশের একটি জঙ্গলে নিয়ে রিয়াকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনার পরদিন রিয়ার বাবা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সদর থানার এসআই ফায়েকুজ্জামান তদন্ত করে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ আদালত দীর্ঘদিন শুনানি শেষে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মোছলেম আলী আকন জানান, চাঞ্চল্যকর মামলাটিতে অজ্ঞাতনামা আসামি করে নিহত রিয়ার বাবা গাউস নপ্তি ২০১২ সালের ২৮ নভেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশের তদন্তে ঘটনার সাথে জড়িত মাহমুদুল হক মধু এবং মো. মিলন মোল্লার তথ্য বের হয় এবং পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলার ৮ বছর পরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা আজ (সোমবার) রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামিকেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ধার্য করেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















