তালাকপ্রাপ্ত স্ত্রীকে খুনের দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত। বুধবার (০৬ জানুয়ারি) আসামির অনুপস্থিতিতে দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামি জামিন নিয়ে পলাতক রয়েছে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আবু খায়েরের ছেলে আবদুল কাদের তার স্ত্রী দুই সন্তানের মা আয়েশা আক্তারকে ২০১০ সালে তালাক দেয়। আয়েশা বেগম পরবর্তীতে একটি গার্মেন্টসে চাকরি নেন। ২০১৩ সালের আগস্ট মাসে এক ঈদে সে ওই উপজেলার রাজামেহের গ্রামের বাবার বাড়িতে বেড়াতে যান।
এ সময় আয়েশা তার মা মাজেদা বেগমসহ পাশের গুনাইঘর গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে ১২ আগস্ট সন্ধ্যায় বাবার বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা আবদুল কাদের আয়েশার পথরোধ করে। এরপর তার সঙ্গে বাড়িতে ফেরার কথা বললে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল কাদের আয়েশা বেগমের পেট ও বুকে ছুরিকাঘাত করে। এ সময় মা মাজেদা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কাদের আটক করে পুলিশে দেয়।
ওইদিন রাতেই আয়েশার বাবা আবুল হোসেন থানায় মামলা করেন। পুলিশ আবদুল কাদেরকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এতে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। আদালত আসামিকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। আসামি আবদুল কাদের জামিন নিয়ে পলাতক অবস্থায় রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















