কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। শ্রমিকদের থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৫ জন শ্রমিক।
শনিবার (০৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় প্রবেশের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর বেশ কিছু শ্রমিক ঢোকার চেষ্টা করে। কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে কারখানা ম্যানেজার আমিনুল ইসলাম পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পরে কারখানার সমস্ত শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া প্রাগপুর সড়ক অবরোধ করে। তাদের সাথে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। এ ঘটনায় একজন শ্রমিক গুলিবিদ্ধসহ অন্ততপক্ষে ৫ জন আহত হন। গুলিবিদ্ধ শ্রমিকের নাম শিপুল ইসলাম।
শ্রমিকদের অভিযোগ কারখানা ম্যানেজার আমিনুল ইসলামের নির্দেশে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। তারা অবিলম্বে ম্যানেজারের অপসারণ দাবি করেছেন। তবে তাৎক্ষনিকভাবে ম্যানেজার আমিনুল ইসলামের সঙ্গে যোযোগ করা সম্ভব হয়নি। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, তারা আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাস্তা অবরোধকারী শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















