পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে মুন্নাফ (৪২) ও নাছির (৩৫) নামে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামের সাহেব উদ্দিনের ছেলে মুন্নাফ ও তার মামাতো ভাই পাইকশা গ্রামের শামসুর রহমানের ছেলে নাছির। আহতরা হলেন-রওশন, মাহতাব, সামাদ, আকরাম ও ইয়াছিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাড়িয়াগদাই বাজারে একটি ক্রয়কৃত জমির ওপর মুন্নাফ হোসেন ঘর তুলতে যান। এসময় প্রতিপক্ষের গোলাম আজম বাচ্চু জমির মালিকানা দাবি করে ঘর তুলতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই মুন্নাফ ও সাঁথিয়া হাসপাতালে নেওয়ার পথে নাছির মারা যান। সংঘর্ষে রওশন, মাহতাব, সামাদ, আকরাম ও ইয়াছিন আহত হন। গুরুতর অবস্থায় রওশন ও মাহতাবকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনার পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা পৌরসভার নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন।
তবে সংঘর্ষ ও দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন ওসি।




















