নারায়ণগঞ্জের বন্দরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে বন্দরের নবীগঞ্জ ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সুজন মাহমুদ (২৪)। তিনি বন্দর উপজেলার কলাবাগ এলাকার আবুল হোসেনের ছোট ছেলে। নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধারের পর পরিবার এটি সুজনের মরদেহ বলে পরিচয় নিশ্চিত করেছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ তোলারাম কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সুজন মাহমুদ গত ১৪ জানুয়ারি রাতে বন্দরের ফরাজীকান্দা ঢালীবাড়ি এলাকায় তাঁর বন্ধু রায়দুলের বড় ভাইয়ের বিয়েতে যোগ দিতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পর ১৭ জানুয়ারি নিহত সুজনের বড় ভাই মো.শাহ জামাল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চারদিন নিখোঁজের পর আজ শীতলক্ষ্যায় একটি মরদেহ ভাসতে দেখে নৌপুলিশ উদ্ধারের পর এটি সুজনের মরদেহ বলে শনাক্ত করে তাঁর পরিবার। পরিবারের দাবি, বৃহস্পতিবার সুজন নিখোঁজ হওয়ার পর (৮৮০৯৬৩৮৭৭৮০৭৭) নং থেকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু এরপর আর ওই ফোন নংটিতে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি ওই নাম্বার থেকেও আর যোগাযোগ করেনি।
নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছগির মিয়া জানান, নৌ পুলিশ একটি ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার সময় কয়েকদিন আগের মৃত একটি মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর এটি সুজনের বলে তাঁর পরিবার শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
নৌ থানা নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আজ সকালে একটি ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ এক ব্যক্তির খোঁজে নৌ থানা পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে আসছিল। এসময় নবীগঞ্জ ঘাটের কাছে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধারের পর নবীগঞ্জ ঘাট এলাকায় অনেক মানুষ জড়ো হয়, কিন্তু কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে মরদেহটি সুজনের বলে তাঁর পরিবার নিশ্চিত করে। মরদেহটি মাথার পেছনের অংশটিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















