অনলাইনে সেবামূলক অবদান রেখে আত্ননির্ভরশীল ফ্রিল্যান্সার হিসেবে রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেলেন পঞ্চগড়ের কৃতি সন্তান ডাঃ তোফায়েল আহমেদ সজীব। প্রথম বারের মতো অনলাইন উদ্যোক্তাদের উৎসাহ দিতে এই রাইজিং স্টার অ্যাওয়ার্ড আয়োজন করে আজাদ কম্পিউটার নামে পঞ্চগড়ের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ১৮ জন ফ্রিল্যান্সারকে এই সন্মানে ভূষিত করা হয়।
রবিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। এর মধ্যে ১৫ জন ফ্রিল্যান্সার ও ৩টি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান রয়েছে।
আয়োজকরা জানান, অনলাইনে ফ্রিল্যান্সিং করে নিজেদের ভাগ্য বদল করায় তাদের এই সন্মাননা প্রদান করা হয়। প্রতি বছর এই ধারাবাহিকতা রক্ষা করা হবে বলেও আশ্বাস দেন তারা। ডাঃ তোফায়েল আহমেদ সজীবকে তার প্রতিষ্ঠান ডিএমসি ড্রিমার্স এর জন্য এওয়ার্ড প্রদান করা হয়।
ডিএমসি ড্রিমার্স দেশে সর্বপ্রথম মেডিক্যাল ভর্তি পরীক্ষার্থীদের পূর্নাঙ্গ প্রস্তুতির জন্য একটি অত্যাধুনিক এপ্লিকেশন তৈরি করে। এই এপ্লিকেশনের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করে অসংখ্য ইউজার তাদের প্রত্যাশিত সাফল্য পেয়েছে বলে জানা যায়। তোফায়েল আহমেদ সজীব ঢাকা মেডিক্যাল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস ও ইন্টার্ন সম্পন্ন করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার হয়ে নিজ শহর পঞ্চগড়ে কর্মরত আছেন।
তিনি আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড়ে মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্বরত থাকার পাশাপাশি মেধার স্বাক্ষর রেখে এফসিপিএস ১ম পার্ট সম্পন্ন করেছেন। একজন চিকিৎসক ও উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তোফায়েল একজন শিক্ষক ও মোটিভেশনাল বক্তা।
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তিনি বিনামূল্যে ক্লাস নিয়ে থাকেন। আমাদের প্রতিনিধির সাথে আলাপচারিতায় তিনি বলেন, “দেশের মানুষকে আন্তরিক চিকিৎসা সেবা দেয়ার স্বপ্ন থেকেই এ পেশায় আসা। সারাজীবন একজন নিবেদিত চিকিৎসক হিসেবে কাজ করে যেতে চাই আর তরুনদের সৃষ্টিশীল কাজে এগিয়ে আসতে আহবান জানাতে চাই।” এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















