প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০ হাজার ৮০০ বাইয়েলে এক লাখ আট হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। শুক্রবার সকালে টিকাগুলো এসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৌঁছায়। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এ টিকা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন টিকাগুলো গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এসব টিকা প্রদানে ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করার কাজ চলছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে টিকা প্রদানের লক্ষে প্রস্তুতি চলছে। আর টিকাদানের জন্য জেলা সদরে আটটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে দুইজন করে টিকাদান কর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ঢাকা থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি বিশেষ ভ্যানে করে করোনাভাইরাসের টিকাগুলো ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে। টিকাগুলো জেলা শহরের মেড্ডা এলাকার ইপিআই ভবনের কোল্ডস্টোর রুমে রাখা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ ডা. একরাম উল্লাহ বলেন, জেলা শহরের মেড্ডায় ভবনে আন্তর্জাতিকমানের কোল্ডস্টোরে টিকাগুলো রাখা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে উপজেলা ও জেলায় টিকা প্রদানের লক্ষ্যে তা বণ্টন করা হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















