পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির বিরোধিতা করায় ১৮ শীর্ষ নেতাকে শোকজ করা হয়েছে। পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশপ্রাপ্তরা পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী (নাগরিক মঞ্চ) জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধানের পক্ষে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাদের।
নোটিশপ্রাপ্তরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ইসাহাক শামীম, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, ধর্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রম সম্পাদক সরদার মিঠু আহমেদ, কার্যকরী সদস্য ইমদাদ আলী বিশ্বাস, উপদেষ্টা ইদ্রিস আলী বিশ্বাস, আসম আব্দুর রহিম পাকন, লিয়াকত আলী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগ সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন। গোলাম ফারুক প্রিন্স বলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্দেশে তাদের শোকজ দেয়া হয়েছে। জবাব পেলে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে একই অভিযোগে আওয়ামী লীগের পাবনা সদর উপজেলা ও পৌর কমিটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বৃহস্পতিবার রাতে পাবনা শহরের স্বাধীনতা চত্বরে নির্বাচনী পথসভায় এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। একই কারণে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ও সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার ও কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















