নরসিংদী জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন কাজী আশরাফুল আজীম। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-বার, পিপিএম) ।
গত ২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারি হওয়ার এক সপ্তাহ পর জেলা পুলিশের এই সর্বোচ্চ পদে রদবদল হলো
ওই প্রজ্ঞাপনে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে যশোর জেলার পুলিশ সুপার ও শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে কাজী আশরাফুল আজীমকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ জারি হলেও পরে তা বাতিল করে নরসিংদী জেলায় তাকে বদলি করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পুলিশ লাইন্সে বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়।
এ সময় বিদায় উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে করে পুলিশ সুপারকে বিদায় জানানো হয়। এ সময় পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান জেলা পুলিশের সদস্যরা। বিদায়ী পুলিশ সুপার গত এক সপ্তাহ ধরে জেলার নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের কাছ থেকে বিদায় নেন এসপি প্রলয় কুমার জোয়ারদার।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















