সরকার এবং দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান ক্ষুন্ন হয়- এমন কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারারের মাধ্যমে সরকারবিরোধী চক্রের উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালানোর প্রতিবাদে আয়োজিত মোটর শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলে একথা বলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
বৃহস্পতিবার দাউদকান্দি টোলপ্লাজায় মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী দাউদকান্দি সর্বস্তরের জনগণ ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় মিথ্যা সংবাদ ও অপপ্রচার করার প্রতিবাদে এ মোটর শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি টোলপ্লাজার সামনে থেকে একটি মোটর শোভাযাত্রাসহ বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিবাদ সভায় মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, জামায়াত ও আদালতে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের দালাল সাংবাদিক নামধারী ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ ছাড়াই কাল্পনিক চরিত্র দিয়ে সরকার ও সেনাবাহিনীর সম্মান নষ্টের ষড়যন্ত্র করছে। বার্গম্যানের মতো দালালদের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করছে সরকারবিরোধী চক্র। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাদের এ ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না।
প্রতিবাদ সভায় বক্তারা আল-জাজিরা অসত্য প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের নিকট দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক হেলাল মাহমুদ, দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার পারভেজ দোলন, উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য জুনায়েদ আহমেদ জুলহাস, মোঃ হাসানুজ্জামান হাসান,দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আল আমিন চৌধুরীসহ দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















